মার্কিন নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ হুয়াওয়ে-জেডটিই

২ জুলাই, ২০২০ ১২:৪১  
চীনের দুই বৈশ্বিক টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং জেডটিই-কে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এর ফলে ইউনিভার্সাল সার্ভিস ফান্ড নামের সরকারি সহায়তা প্রকল্পের ৮৩০ কোটি মার্কিন ডলারের তহবিল ব্যবহার করে হুয়াওয়ে এবং জেডটিই’র কাছ থেকে কোনো পণ্য বা সেবা কিনতে বা এ বিষয়ে কোনো তদারকির সুযোগ পাবে না যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে এফসিসি চেয়ারম্যান আজিত পাই বলেছেন, “আজকের নির্দেশ এবং প্রমাণের ওপর ভিত্তি করে হুয়াওয়ে এবং জেডটিইকে মার্কিন যোগাযোগ নেটওয়ার্ক ও আমাদের ৫জি ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে ব্যুরো।” গত বছরই হুয়াওয়েকে বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এর সঙ্গে যুক্ত হলো জেডটিই’র নাম। প্রতিষ্ঠান দু’টির নেটওয়ার্কিং যন্ত্রাংশের মাধ্যমে চীন গুপ্তচরবৃত্তি করছে বলে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নীতিনির্ধারকরা।